২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মাদক বহনের দায়ে ২ জনের যাবজ্জীবন

নওগাঁয় মাদক বহনের দায়ে দুইজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 04:08 PM

Updated : 25 Jul 2022, 05:03 PM

একই সঙ্গে আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছরের কারাদণ্ডও ঘোষণা করেছে একই আদালত।

নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাসান মাহমুদুল ইসলাম মঙ্গলবার বেলা ১২টায় এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুরের মোল্লাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে জুয়েল রানা (২১) ও একই গ্রামের আমির হোসেনের ছেলে বাবু মিয়া (২০)।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৯ অগাস্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ভরে ২২৫ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নওগাঁর দিকে যাচ্ছিলেন জুয়েল ও বাবু। পথে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছীর জালুয়াপাড়া থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দল ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করে।

২২৫ গ্রাম হেরোইন বহনের অভিযোগে থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ দুইজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।

বিচার শেষে দুইজনকেই দোষী সাব্যস্ত করে আদালত এই সাজা দিল।

মামলাটি রাষ্ট্রপক্ষের পরিচালনা করেন এপিপি আব্দুল বাকি; আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রাজ্জাক।