বরিশালে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বরিশালের হিজলা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হল উপজেলার চরহিজলা গ্রামের মো. হারুন মাঝির ছেলে মোহাম্মদ আলী (৬) ও মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্বষট্টি গ্রামের আব্দুল লতিফের মেয়ে নিলীমা আক্তার (৫)।
সোমবার দুপুরে হিজলা উপজেলার চরহিজলা গ্রামে তাদের মৃত্যু হয় বলে হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা জানান।
ওসি পরিবারের বরাতে বলেন, মায়ের সঙ্গে চরহিজলা গ্রামে নিলীমা তার নানাবাড়ি বেড়াতে এসেছিল। দুপুরে কাউকে না বলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে নিলীমা ও তার মামাত ভাই মোহাম্মদ আলী।
তারা কেউ সাঁতার জানত না। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পরিবার থানায় অভিযোগ দেয়নি বলে জানান ওসি মো. ইউনুস মিঞা।
