কুমিল্লায় শৌচাগারে গলাকাটা লাশ; স্ত্রী ও ছেলে আটক
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শৌচাগার থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও সন্তানকে আটক করেছে পুলিশ।
গুণবতী ইউনিয়নের গজারিয়া গ্রামের পূর্বপাড়ার ভুঁইয়া বাড়িতে রোববার দুপুরে ওই লাশ উদ্ধার করা হয় বলে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান।
নিহত শুক্কুর আলী (৪৮) ওই বাড়ির বাসিন্দা। তার স্ত্রীর নাম খোদেজা আক্তার শিল্পী ও ছেলে শাহিন আলম।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
স্থানীয়রা জানান, খোদেজার বাবার বাড়ি ফেনী সদরের মঠবাড়িয়া গ্রামে। এদিকে শুক্কুর আলীর বাড়ি ময়মনসিংহ জেলায়। প্রায় ২০ বছর আগে তারা জায়গা কিনে এখানে বসবাস শুরু করেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো।
তারা আরও জানান, রোববার দুপুরে চিৎকার শুনতে প্রতিবেশীরা শৌচাগারে গিয়ে শুক্কুর আলীর গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এ সময় খোদেজা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, “মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পাই। মৃত্যুর কারণ জানতে চাইলে তার স্ত্রী দাড়ি কাটার সময় গলা কেটে মারা গেছেন বলে জানান। তবে স্থানীয়রা বলছে, শুক্কুরকে হত্যা করা হয়েছে।”
