২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা নির্বাচন: দুর্নীতিমুক্ত নগর গড়ার অঙ্গীকার রিফাতের

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত দুর্নীতি মুক্তকরণসহ ১১টি অঙ্গীকার নিয়ে ভোটারের কাছে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2022, 12:24 AM

Updated : 25 Oct 2022, 10:42 AM

১১ দফা ছাপানো একটি লিফলেট সোমবার নগরীর বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে পৌঁছে দেন এই প্রার্থী এবং তার নেতাকর্মী ও সমর্থকরা।

পরে ইশতেহারে এর সঙ্গে আরও যুক্ত করা হবে বলে ইরফানুল হক রিফাত জানিয়েছেন।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ইরফানুল হক রিফাতসহ পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

লিফলেটে ছাপানো ১১ দফায় রয়েছে: সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করা, ভবনের নকশা অনুমোদনে সরকারি ফি-এর বাইরে ঘুষ না নেওয়া, বহুতল ভবনের নকশা অনুমোদনে মেয়রকে বিনামূল্যে ফ্ল্যাট না দেওয়া, ঠিকাদারদের কার্যাদেশ নিতে মেয়রকে ঘুষ না দেওয়া, সিটি করপোরেশনের অভ্যন্তরীণ দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা, কুমিল্লা সিটি করপোরেশনকে দলীয় কার্যালয় না বানিয়ে গণমানুষের প্রতিষ্ঠানে রূপান্তর করা।

এছাড়া রয়েছে কুমিল্লার দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা ও যানজট নিরসন, করের টাকা সততা ও নিষ্ঠার সঙ্গে উন্নয়ন কাজে ব্যয় করা, অগ্রাধিকার ভিত্তিতে সব পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা, কুমিল্লার মানুষের জন্য মেয়রের দরজা সবসময় খোলা রাখা এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও মাদকমুক্ত শান্তির কুমিল্লা গড়তে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের হাতকে শক্তিশালী করা।

এই বিষয়ে আরফানুল হক রিফাত বলেন, “কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে আমরা মেয়রের চেয়ারে বসতে পারিনি। বিগত বছরে নগর ভবনে যেসব অনাচার, অনিয়ম ও দুর্নীতি হয়েছে, সেগুলো দূর করতে চাই। এজন্যই প্রাথমিকভাবে ১১ দফা নিয়ে আমার অঙ্গীকার।”

পরবর্তীতে নির্বাচনী ইশতেহারে আরও যুক্ত করা হবে বলেও তিনি জানান।