ঝিনাইদহে ৮ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য বিভাগ
ঝিনাইদহে আটটি অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্র বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের আরাপপুর, বাস টার্মিনাল, হামদহসহ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিথিলা ইসলাম।
মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক জেলাজুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে সকল হাসপাতালের নিবন্ধন নেই সেসব হাসপাতালে তালা দিয়ে সিলগালা করা হয়েছে।
জেলাজুড়ে অবৈধ বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্র বন্ধে এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্যমতে, জেলায় ১৭৯টি বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্র রয়েছে, যার মধ্যে ২৭টি অনিবন্ধিত এবং ৪৮টির সনদ নবায়ন করা হয়নি।
