ধ্বংস করা হল ৯১ লাখ ইয়াবা, দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে প্রায় ৯১ লাখ ইয়াবা ধ্বংস করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় কক্সবাজারের রামু উপজেলায় বিজিবির কক্সবাজার রিজিয়নের উদ্যোগে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে ২৪ ধরনের মাদক আসে প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার থেকে। এর মধ্যে অধিকাংশই আসে মিয়ানমার থেকে। এই জায়গাটিতে আমাদের খেয়াল রাখতে হবে। দেশকে বাঁচাতে, যুব সমাজকে বাঁচাতে আমাদের কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই।”
অনুষ্ঠানে এক বছরে উদ্ধার করা আনুমানিক ৩৯৫ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বক্তব্য দেন।
অনুষ্ঠানে কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, কানিজ ফাতেমা আহমেদ উপস্থিত ছিলেন।
