২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় চালু হলো ট্যুরিস্ট বাস ‘ভ্রমণ বিলাস’

নওগাঁয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পরিদর্শনে পর্যটকদের সুবিধায় একটি ট্যুরিস্ট বাস চালু করেছে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2022, 08:54 PM

Updated : 25 Oct 2022, 10:38 AM

বুধবার সকালে জেলা প্রসাশক খালিদ মেহেদী হাসান আনুষ্ঠানিক উদ্বোধন করার পর শহরের মুক্তির মোড় থেকে ‘ভ্রমণ বিলাস’ নামের এই বাহন যাত্রা শুরু করে। জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এই বাস চলাচল বাস্তবায়ন করেছে।

নওগাঁ জেলায় প্রায় অর্ধশত ঐতিহাসিক স্থান ও স্থাপনা রয়েছে। পরিবার-পরিজন নিয়ে পর্যটকদের পক্ষে একদিনে অনেকগুলো দর্শনীয় স্থানে যাওয়া সম্ভব নয়। তাই একাধিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ভ্রমণে সুবিধায় ৩৮ যাত্রীর ধারণক্ষমতার এই বাস চালু হলো।

জেলা প্রশাসন জানায়, এই বাসে ভ্রমণে ভাড়ার জন্য প্রাথমিকভাবে ৪৫০ টাকার একটি প্যাকেজ তৈরি করা হয়। এই প্যাকেজটিতে একজন পর্যটক ধামইরহাটের জাতীয় উদ্যান শালবন বিহারের আলতাদিঘি, জগদ্দল বিহার, বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার ও হলুদ বিহার দেখতে পারবেন। প্যাকেজের আওতায় সকাল ও বিকালের নাস্তা এবং দুপুরের খাবার অন্তর্ভুক্ত থাকবে।

ঈদের প্রথম সাতদিন ট্যুরিস্ট বাসটি প্রতিদিন চলবে; পরবর্তী সময়ে সপ্তাহে দুদিন এবং তারপর থেকে পর্যটকদের আগমনের উপর নির্ভর করে সময়সূচি নির্ধারণ করা হবে বলে জেলা প্রশাসন জানায়।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, পর্যটকদের সকল প্রকারের সুযোগ-সুবিধা নিশ্চিত করেই এমন ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। ভ্রমণ বিলাস নওগাঁসহ সারা দেশের ভ্রমণ পিপাসুদের চাহিদা পূরণ করবে। নওগাঁর পর্যটন খাত আরও চাঙ্গা হবে। পর্যটকদের মতামত ও পরার্মশকে কাজে লাগিয়ে এই ভ্রমণ আরও আকর্ষণীয়, আরামদায়ক ও আনন্দদায়ক করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বাস সেবা উদ্বোধনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খাঁন চিশতি, সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমী বাবু উপস্থিত ছিলেন।