নওগাঁয় বৈশাখীর ঝড়ে নুয়ে পড়েছে বোরো ধান, কম উৎপাদনের শঙ্কা
আবহাওয়া অনুকুলে থাকায় বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছিলেন নওগাঁ জেলার চাষিরা। কিন্তু কাল বৈশাখীর ঝড়ে জমিতে বোরো ধান নুয়ে পড়ায় এখন উৎপাদন কমে যাওবার শঙ্কা করছেন চাষিরা।
পুরোদমে কাটা মাড়াইয়ের মাত্র ২০/২৫ দিন আগে বুধবার ভোর রাতে বয়ে যাওয়া এ ঝড়ে জেলার অধিকাংশ এলাকার আধাপাকা বোরো ধান নুয়ে পড়েছে।
জেলার রানীনগর উপজেলার কালিগ্রাম গ্রামের বোরো চাষি ওহাদুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই এবং পোকা মাকড়ের আক্রমণ কম হওবার কারণে এ বছর বোরো ধানে বাম্পার ফলনের স্বপ্ন দেখছিলেন তারা। কিন্তু ১৫-২০ মিনিটের কাল বৈশাখীর ছোবলে কৃষকের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেছে।
এ অবস্থায় প্রতিবিঘায় ধানে ফলন ৫/৭ মণ কম হবে বলে আশঙ্কা তারও।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল ওয়াদুদ জানান, জেলায় চাষকৃত ১ লাখ ৮৯ হাজার চারশ হেক্টর জমির মধ্যে বৈশাখীর ঝড়বৃষ্টিতে ৫৬ হাজার ২৪০ হেক্টর জমির কাঁচা ও আধাপাকা ধান নুয়ে ক্ষতির মুখে পড়েছে।
ধানের কতটা ক্ষতি হয়েছে এমন প্রশ্নে এই কৃষি কর্মকর্তা বলেন, “ত্যাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ বলা মুশকিল। এটা ৩/৪ দিন পরে ক্ষতির বলা যাবে।”
