২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্টোপথে গাড়ি, সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকার সাভার ও আশুলিয়ায় উল্টোপথে চলতে গিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2022, 04:54 PM

Updated : 02 Aug 2022, 01:15 PM

রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড সংলগ্ন পাকিজার সামনে এবং আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক দুইটি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, সকালে একটি মাইক্রোবাস উল্টোপথে নবীনগরের দিকে যাওয়ার সময় পাকিজার সামনে পৌঁছালে ঢাকামুখী আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান এটিকে চাপা দেয়।

এতে মাইক্রোবাসের যাত্রী মেহেদী হাসান পারভেজ (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ‘ওয়াইপি আশুলিয়া লিমিটেড’ নামে একটি ক্যাপ তৈরির কারখানায় কাজ করতেন।

এ সময় আরও দুজন আহত হলে তাদেরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরিদর্শক আতিকুর আরও বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় কাভার্ডভ্যানে চাপা পড়ে রাসেল শেখ নামে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে বলে আশুলিয়া থানার এসআই সুব্রত রায় জানান।

তিনি বলেন, সকালে রাসেল শেখ (৩৫) মোটরসাইকেলে উল্টো পথে কর্মস্থল জামগড়া যাচ্ছিলেন। পথে একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাসেল গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাইজকান্দী গ্রামের মান্নান শেখের ছেলে। তিনি ধামরাইয়ের ‘গ্লোরিয়াস ড্রেসেস লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় লাইনম্যানের কাজ করতেন।

এসআই আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।