২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়: গাজীপুরে এএসআই প্রত্যাহার

গাজীপুরে দুই বন্ধুকে আটক করে টাকা আদায়ের ঘটনায় পুলিশের এক এএসআই ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2022, 03:44 PM

Updated : 14 Jul 2022, 05:42 PM

এরা হলেন- গাজীপুর নগরীর বাসন থানার এএসআই শাহাদত হোসেন ও কনস্টেবল মো. মিন্টু ও মো. নোমান।

তাদের শুক্রবার দুপুরে বাসন থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান।

জাকির বলেন, গত বৃহস্পতিবার রাতে দুই যুবককে আটক করে টাকা নেওয়ার অভিযোগ ওঠায় ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ভুক্তভোগীরা হলেন-কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের নস্করচালা গ্রামের দুই বন্ধু মনির হোসেন ও আলফাজ হোসেন।

আলফাজ ও মনির জানান, একটি নতুন মোটরসাইকেল নিয়ে মোল্লাপাড়া এলাকায় অপর বন্ধুদের সঙ্গে বেড়াতে যান তারা। সেখান থেকে বাড়ি ফেরার পথে নাওজোড় এলাকায় উড়ালসড়কের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তিন পুলিশ সদস্য তাদের গতিরোধ করেন। তারা মোটরসাইলের কাগজপত্র যাচাইয়ের নামে তাদের শরীর তল্লাশিসহ নানাভাবে হয়রানি করেন ও মামলা দিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি দেখান।

তারা বলেন, দুই কনস্টেবল দুইজনের পকেট তল্লাশি করে ৬ হাজার ৮০০ টাকা নিয়ে নেয় এবং তাদের বাড়িতে খবর দিয়ে আরও টাকা আনতে বলেন। রাতেই দুজনের বাবা ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা আরও ৬ হাজার টাকা দিলে দুই বন্ধুকে ছেড়ে দেওয়া হয়।