রাজশাহীতে ‘নিখোঁজ বৃদ্ধার’ কঙ্কাল উদ্ধার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি ডেবায় মানুষের কঙ্কাল পাওয়া গেছে, যা ছয় মাস আগে নিখোঁজ এক বৃদ্ধার বলে ধারণা করা হচ্ছে।
ভাড়ড়া গ্রামে বৃহস্পতিবার সকালে এই কঙ্কাল উদ্ধারের কথা জানিয়েছেন পুঠিয়া থানা পুলিশ।
পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ছয় মাস আগে বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের নূর আলী মন্ডলের স্ত্রী শেরজান বিবি (৯৩) নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে গ্রামের স্থানীয়রা একটি ডোবায় মাছ ধরার সময় পানার নিচে হাড়-গোড় দেখতে পায়।
পরে পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করে পরীক্ষাগারে পাঠানো হয় বলে জানান ওসি।
এ বিষয়ে বৃদ্ধার বড় ছেলে লুৎফর হোসেন বলেন, “ছয় মাস আগে আমার মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সকালে হাড়-গোড় উদ্ধারের খবর শুনে সেখানে গিয়ে গলার মালা ও হাতের চুরি দেখে মাকে শনাক্ত করি।”
তবে নিখোঁজের পর থানায় কেউ অবগত করেননি জানিয়ে ওসি বলেন, “অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।”
