২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের টাকা নিয়ে দুদলের সংঘর্ষ, তরুণ নিহত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক দোকানকর্মচারীর বেতনের টাকা আটকে রাখা নিয়ে বিরোধের জেরে দুটি পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2022, 08:15 PM

Updated : 29 Apr 2022, 12:03 AM

উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপুর গ্রামে রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান।

নিহত মোশাহিদ মিয়া (১৮) ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে।

আহতদের মধ্যে রায়হান মিয়া, ডালিম আহমেদ, সালমা বেগম, জুয়ে মিয়া, ছবুর আহমেদ, রেজাক মিয়াসহ অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাছাড়া আশঙ্কাজনক অবস্থায় মোজাম্মিল হোসেন ও হাফিজুল নামের দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের বরাতে ওসি জানান, মোশাহিদের ফুফাতো ভাই হাফিজুল হবিগঞ্জ শহরের রাজনগর বাইপাস রোড এলাকায় একটি ভাঙারির দোকানে কাজ করতেন। একই গ্রামের বাসিন্দা ওই দোকানের মালিক আব্দুল কাদির গত তিন মাসের বেতন বাবদ মোট ৩৬ হাজার টাকা আটকে রাখেন বলে অভিযোগ হাফিজুলের।

এ নিয়ে হাফিজুল ও আব্দুল কাদিরের মধ্যে বাকবিতণ্ডার পর সালিশে পাওনা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলে বিষয়টি মীমাংসা হয়, বলেন ওসি।

ওসি এমরান বলেন, “রোববার এ বিষয়ে আবারও তাদের গ্রামের বাড়িতে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে সুজাতপুর পুলিশ ফাঁড়ি ও বানিয়াচং থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মোশাহিদকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।