২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে এক লাখ ইয়াবাসহ ’মাদক কারবারি’ আটক

কক্সবাজারের রামু উপজেলায় এক লাখ ইয়াবাসহ এক ব্যক্তি আটক হয়েছেন, যাকে ‘মাদক কারবারি’ বলছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2022, 07:18 PM

Updated : 25 Oct 2022, 10:22 AM

খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ মাঙ্গালাপাড়া থেকে রোববার বেলা সাড়ে ১১টায় তাকে আটক করা হয় বলে র‌্যাব ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান। 

আটক আলী আকবর বুলু (৪৫) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনার পাড়ার নজির আহম্মদের ছেলে; তবে তিনি মাঙ্গালা পাড়ায় বাস করেন বলে জানান এই র‌্যাব অধিনায়ক।

র‌্যাব অধিনায়ক খাইরুল বলেন, “ইয়াবার একটি চালান মজুদের খবরে র‌্যাব সদস্যরা একটি বাড়ি ঘিরে ফেললে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।

“আটক ব্যক্তির তথ্যে শোয়ার কক্ষে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি চটের বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে এক লাখ ইয়াবা পাওয়া যায়।”

আটক ব্যক্তির বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।