২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রাক্টর খালে পড়ে ৩ মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রাক্টর খালে পড়ে চালকসহ তিনজনের প্রাণ গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2022, 12:08 PM

Updated : 29 Apr 2022, 12:03 AM

শনিবার ভোর পৌনে ৬টায় উপজেলার উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে মুরাদনগর থানার ওসি আবুল হাশেম জানান।

মৃতরা হলেন- একই উপজেলার বল্লববাড়িয়া গ্রামের শাহ আলমের ছেলে ট্রাক্টর চালক মো. বাবুল মিয়া (২২) একই গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে শ্রমিক মো. হাসান (২৩) ও মো.বাবুলের ছেলে মো. টুটুল মিয়া (২২)।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “খালি ট্রাক্টরটি উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকার একটি ইটভাটায় যাচ্ছিল। পথে মোচাগড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।

“এ সময় চালক ও তার সঙ্গে থাকা দুই শ্রমিক ট্রাক্টরের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।”

মৃতরা ওই ইটভাটার শ্রমিক ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।