২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় তীব্র জট

নলকা সেতু এলাকায় ট্রাক বিকল হওয়ার কারণে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2022, 11:46 AM

Updated : 25 Oct 2022, 10:22 AM

বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনার পর মহাসড়কের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত অংশে যানজটে অচলাবস্থা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রীরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, “বৃহস্পতিবার রাতে নলকা সেতু এলাকায় সৃষ্ট খানাখন্দের কারণে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে যায়। এতে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হলে যানজট শুরু হতে থাকে। যা দ্রত পুরো মহাসড়কে ছড়িয়ে পড়ে। রাতেই বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলেও যানজট এখনও স্বাভাবিক হয়নি।

“নলকা সেতুর পশ্চিম পাশে বেশ কয়েকটি স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। শুক্রবারই এই খানাখন্দগুলো সংস্কার করা হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানিয়েছে। এটি সংস্কার হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।”

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুস সালেক জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কড্ডা মোড়, সীমান্তবাজার, নলকা সেতু ও পাঁচলিয়া এলাকায় যানবাহনের বেশি জটলা তৈরি হয়েছে। যানবাহনগুলো একলেনে চলাচল করছে।

তিনি বলেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যানবাহনের প্রচুর চাপ থাকায় বেগ পেতে হচ্ছে।