২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হাসপাতালে ডায়রিয়া রোগী বেড়েছে

বাগেরহাট সদর হাসপাতালে এক সপ্তাহে হঠাৎ ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে; যাদের বেশিরভাগ শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2022, 11:56 PM

Updated : 25 Oct 2022, 10:22 AM

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন রোগী ভর্তি হচ্ছে। বহির্বিভাগেও ডায়রিয়া রোগীর চাপ রয়েছে। তাদের সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

এক সপ্তাহ ধরে ডায়রিয়া রোগীর চাপ বেশি; তবে ওষুধের কোনো সংকট নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

হঠাৎ গরম ও বিশুদ্ধ পানির সংকটের কারণে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে ধারণা চিকিৎসকদের। ডায়রিয়া থেকে উপশম পেতে মানুষকে পানি ফুটিয়ে পান করতে এবং আরও স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বুধবার দুপুরে সদর হাসপাতালের দশ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, কোনো বেড খালি নেই। সব বেডেই শিশু রোগী। বেডে রোগীর সংকুলান না হওয়ায় মেঝেতে জায়গা হয়েছে বেশির ভাগ রোগীর। হাসপাতালের চিকিৎসকরা তাদের চিকিৎসাসেবা দিচ্ছেন।

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া গ্রামের আক্রান্ত শিশু আছিয়া খাতুনের মা বলেন, “দুদিন আগে সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দেখি মেয়েটির পাতলা পায়খানা হচ্ছে। প্রথমে গ্রামের চিকিৎসকের পরামর্শে ওষুধ খাইয়েছি। তাতে ডায়রিয়া না কমায় হাসপাতালে এসেছি। চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করেছি।”

তিনি আরও বলেন, তিন দিন আগে ছেলের ডায়রিয়া শুরু হয়। দিন যাচ্ছে আর পরিমাণ বাড়ছে; কমছেই না। তিন দিন পরে হাসপাতালে ভর্তি করেছি।

“চিকিৎসকের পরামর্শে ভালোর দিকে যাচ্ছে। হঠাৎ অস্বাভাবিক গরম ও বিশুদ্ধ পানির সংকটের কারণে বাচ্চারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে তারা মনে করছেন।”

বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ (জুনিয়র কনস্যালট্যান্ট) ডা. খান শিহান মাহমুদ এই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বাগেরহাট সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বাড়ছে। হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন রোগী ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হচ্ছে।

মার্চ মাসের ২৮ তারিখ থেকে এই হাসপাতালে রোগী বাড়তে শুরু করেছে জানিয়ে তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। এছাড়া বহির্বিভাগেও ডায়রিয়া রোগীর চাপ রয়েছে। তাদের সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। তবে ওষুধের কোন সংকট নেই।

হঠাৎ গরম ও বিশুদ্ধ পানির সংকটের কারণে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে ধারণা এই চিকিৎসকের।

ডায়রিয়া থেকে উপশম পেতে জনসাধারণকে পানি ফুটিয়ে পান করতে এবং আরও স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সচেতন না হলে ডায়রিয়ার প্রকোপ আরও বাড়ার আশংকা করছেন চিকিৎসক।