২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ঈদের আগে শ্রমিক ছাঁটাই করে পোশাক কারখানা বন্ধ

ঢাকার আশুলিয়ায় ফ্যাশনইট নামে একটি সোয়েটার কারখানা ১১০ জন শ্রমিককে ছাঁটাই করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2022, 10:06 PM

Updated : 02 Aug 2022, 03:18 PM

কর্মবিরতি পালন করার জেরে তাদের নিয়মমাফিক ছাঁটাই করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল মালেক দাবি করেছেন।

তাছাড়া বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারার ক্ষমতাবলে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে প্রতিষ্ঠানের পরিচালক লি ওয়াই কিট (রিকি লি) স্বাক্ষরিত একটি নোটিশ কারখানার দেয়ালে সাঁটানো হয়েছে।

ছাঁটাইকৃত শ্রমিকদের তালিকায় তাদের ছবিও সংযুক্ত করেছে আশুলিয়ার জামগড়া এলাকার এই প্রতিষ্ঠানটি।

ব্যবস্থাপক আব্দুল মালেক বলেন, ”আপনি যদি যুক্তিসংগত মনে না করেন, তাহলে আমার করার কিছু নাই। বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরি এভাবেই চলে।”

শ্রকিদের ছবি সংযুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু।

মজুরি কম দেওয়ায় কয়েদিন ধরে কারখানাটিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছিলেন। হঠাৎ চাকরিচ্যুত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

ওয়াসিম নামে একজন শ্রমিক বলেন, “সামনে ঈদ। হঠাৎ চাকরিচ্যুত হওয়ায় আমাদের পুরো পরিবারের ঈদের আনন্দ মাটি হয়ে গেল।”