গাজীপুরে পায়ুপথে বাতাস দিয়ে শ্রমিককে হত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক তৈরি পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে; এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার আনোয়ারা মান্নান টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান।
নিহত অপু (১৯) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব শিয়ালদী গ্রামের পলাশ মিয়ার ছেলে।
অপরদিকে আটক কিশোরের (১৫) বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাধ্যমপাড়া এলাকায়। সে অপুর সহকর্মী ছিল।
ওসি সাংবাদিকদের বলেন, সকাল পৌনে ৬টায় দুই সহকর্মী মিলে ময়লা পরিষ্কার করার মেশিন দিয়ে কারখানার ফ্লোর পরিষ্কার করছিলেন। এ সময় অপু দুষ্টামির ছলে সহকর্মী কিশোরের পায়ুপথে ময়লা পরিষ্কার করার নল ঢুকিয়ে হাওয়া দেওয়ার চেষ্টা করে।
“কিশোরটি তা প্রতিহত করে। পরে নলটি কেড়ে নিয়ে সে অপুর মলদ্বারে ঢুকিয়ে দেয়। এতে অপু অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি কর্তৃপক্ষের নজরে এলে অপুকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।“
ওসি আরও বলেন, কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
