টেকনাফে 'গোলাগুলির পর' কোটি টাকার আইস-ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে 'গোলাগুলির পর' এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫৪ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকের মূল্য ৬ কোটি টাকার উপরে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাফ নদীর জালিয়ার দ্বীপ জলসীমা থেকে এসব মাদক উদ্ধার করেন তারা।
আটকরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার মংডু থানার রোহিঙ্গা ডং এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. জুবায়ের আহমদ (২২) ও একই জেলার নাগপুরা থানার ধাওনখালী এলাকার মৃত আব্দুল গণির ছেলে মো. রফিক (২৩)।
শেখ খালিদ বলেন, “মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবির দুইটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমারের শোয়ারদ্বীপ এলাকা থেকে হস্তচালিত একটি নৌকাকে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে বাংলাদেশের জালিয়ার দ্বীপের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।
“এ সময় নৌকাটি মিয়ানমায়ের সীমান্তের দিকে পালিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা নৌকাটি লক্ষ্য করে গুলি করে।”
এতে নৌকায় থাকা একজন লাফ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে পাচারকাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করে দুইজনকে আটক করা হয় বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
তিনি বলেন, “পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচ থেকে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫৪ হাজার ইয়াবাসহ পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৭ লাখ টাকা। "
পাচারকাজে ব্যবহৃত নৌকাটি জব্দ এবং আটকদের বিরুদ্ধে সংশ্লষ্টি আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান খালিদ।
