পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট
পদ্মার দুই তীরে পাটুরিয়া আর দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, সাপ্তাহিক ছুটি থাকায় পাটুরিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করেও জট কমছে না।
আটকে থাকা গাড়ির মধ্যে পণ্যবাহী ট্রাকই বেশি। যাত্রীদের গাড়ি অগ্রাধিকারের ভিত্তিতে আগে পার করা হচ্ছে বলে তিনি জানান।
শিবালয় থানার ওসি মো. শাহিন জানান, ঘাট এলাকায় যানবাহনের চাপ বেশি। চাপ কমানোর জন্য উথুলী সংযোগ মোড়ে দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট থেকে ছেড়ে দেওয়ার নির্দেশনা পেলে ছেড়ে দেওয়া হবে।
সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের লাইন দেখা গেছে। এছাড়াও ঘাটের আরও প্রায় দুই কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক রয়েছে পারের অপেক্ষায়। প্রতিটা যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ফেরিতে উঠতে হচ্ছে। এতে ভোগান্তিতে রয়েছেন এই রুটের চালক ও যাত্রীরা।
কলিমদ্দিন নামে আরেকজন ট্রাকচালক বলেন, “ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে আছি । বৃহস্পতিবার সন্ধ্যায় এসেছি এখানে। এখনও এখানেই আছি। খাওয়ার কষ্ট, ঘুমের কষ্ট, গোসল নেই, বাথরুম নেই। আমাদের কষ্টের কথা কেউ ভাবে না।”
যানজট পরিস্থিতি নিরসনের জন্য ঘাট কর্তৃপক্ষের তরফে কোনো পদক্ষেপ নেই।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, “অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হলেও হিমশিম খেতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই।”
