১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জাবিতে মানববন্ধন
বাম জোটের হরতালে তিনটি ছাত্র সংগঠনের ১২ নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্র জোট।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ২৮ মার্চ বাম জোটের হরতালে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ‘পোড়ানোর’ অভিযোগে তিনটি ছাত্র সংগঠনের ১২ নেতার বিরুদ্ধে মামলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চ নামের এক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শাহবাগ থানায় করা ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, "মুক্তিযুদ্ধ মঞ্চ বাংলাদেশের ইতিহাস না জেনেই মিথ্যা বক্তব্য বিভিন্ন সময় দিয়ে আসছে। তারা বলেছে, বামপন্থীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি অথচ শত শত বামপন্থী মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। যারা ইতিহাস জানবে না তারা টিকে থাকবে না।”
এ সময় অবিলম্বে ১২ ছাত্র নেতার বিরুদ্ধে 'উদ্দেশ্য প্রণোদীত' মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের দাম কমার দাবি জানান ছাত্র ইউনিয়নের এ নেতা।
“সরকার তো নির্বাচিত না, তাদের জনগণের ভোট নিয়ে চিন্তা নাই। তাই তারা জনগণের কথা ভাবে না। আর সংসদ সদস্য বেশিরভাগই ব্যবসায়ী। তারা শুধু তাদের মুনাফা খোঁজে। পরিবর্তন অবশ্যই আসবে যখন জনগণের পেটে টান পড়বে তখন অবশ্যই জনগণ মাঠে নামবে।"
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে মুরাদ চত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
মামলার আসামি ১২ ছাত্রনেতা হলেন- ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সহ-সভাপতি অনিক রায়, সহ-সভাপতি জহরলাল রায়, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার, সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মেঘমাল্লার বসু, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ, ছাত্র ফেডারেশনের (গণসংহতি) সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ইকবাল কবীর ও বর্তমান সাধারণ সম্পাদক দিলীপ রায়।
এজাহারে বলা হয়, ২৮ মার্চ বাম জোটের ডাকা হরতালে আসামিরা ‘বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার পুড়িয়ে অবমাননাসহ জনমনে ভীতি সঞ্চার’ করে। সোহরাওয়ার্দী উদ্যানে জয়বাংলা জয়োৎসব অনুষ্ঠানের প্রচারের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ওই ব্যানার সেখানে টাঙানো হয়েছিল।
আসামিরা মানুষের যাতায়াত ও যান চলাচলে বাধা দিয়ে দিয়ে ‘জননিরাপত্তার ব্যপাক বিঘ্ন ঘটায়’ এবং ‘ভাঙচুর, অগ্নিসংযোগ ও আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীর কাজে বাধা দিয়ে অস্থিতিশীল পারিস্থিতি সৃষ্টি করে’ বলেও অভিযোগ আনা হয়েছে মামলায়।
