২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরির দাবি, উপাচার্যের গাড়ি আটকাল ছাত্রলীগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরি ও বিভিন্ন দাবি নিয়ে হট্টগোলের পর ছাত্রলীগ নেতা-কর্মীরা দশ মিনিট উপাচার্যের গাড়ি আটকে রেখেছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 11:58 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন দাবিতে উপাচার্যের সঙ্গে কথা বলতে তার কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী। তাদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ।

এ সময় তাদের সঙ্গে উপাচার্যের কথা কাটাকাটি হয়।

ছাত্রলীগ নেতারা বিভিন্ন হলে পানির পাম্প বসানো, তোরণ নির্মাণের ঠিকাদারি তাদের দেওয়ার দাবি জানান বলে অভিযোগ উপাচার্যের।

কিন্তু উপাচার্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জনবল নিয়োগ দিতে পারবেন না জানালে ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্যের কক্ষ থেকে বেরিয়ে যান। দুপুর দেড়টার দিকে উপাচার্য দপ্তর থেকে বের হয়ে বাংলোয় যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। এ সময় ছাত্রলীগের নেতারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত উপাচার্যের গাড়ি আটকে রাখবেন বলে জানান। তবে ১০ মিনিট গাড়ি কয়েকজন শিক্ষক গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দিলে উপাচার্য তার বাংলোতে যান।

চলতি বছরের ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ পান।

উপাচার্য আবদুল মঈন বলেন, “এখানে যোগ দেওয়ার পর থেকে ছাত্রলীগের নেতারা তাদের চাকরি দেওয়ার জন্য আমাকে চাপ দিচ্ছে। কিন্তু কোনো চাপের মুখে তো আমি এগুলো করতে পারি না। এসব বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হয়।”

তিনি বলেন, “বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের নেতারা প্রথমে আমার কক্ষে গিয়ে উচ্চবাচ্য করেন। পরে আমি বের হলে ১০ মিনিট গাড়ি আটকে রাখেন। পরে অন্য শিক্ষকরা এসে তাদের সরিয়ে দেন।”

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, “আমরা শিক্ষার্থীদের কিছু দাবি নিয়ে উপাচার্যের কাছে গিয়েছিলাম। এগুলোর মধ্যে ছিল মেয়েদের জন্য নির্মাণাধীন শেখ হাসিনা হলের কাজ দ্রুত শেষ করে রমজানের মধ্যেই শিক্ষার্থীদেরকে সেখানে উঠানো, নওয়াব ফয়জুন্নেছা হলে পানির সমস্যাসহ অন্যান্য সমস্যার দ্রুত সমাধান করা। তখন উপাচার্য আমাদের দাবি শুনে রাগারাগি করে বেরিয়ে যান।”

এ বিষয়ে উপাচার্য বলেন, “মেয়েদের হলের সমস্যা হলে কোনো মেয়ে শিক্ষার্থী কেন সেখানে উপস্থিত ছিল না? তারা মূলত চাকরি ও ঠিকাদারির অন্যায় দাবি নিয়ে এসেছিল।”

এ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, “বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি হাসান ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদকে কর্মকর্তা পদে চাকরি দেওয়ার জন্য উপাচার্যকে অনুরোধ করেছি আমরা; তবে কোনো চাপ দিইনি। এছাড়া বিভিন্ন হলের পানির পাম্পের সমস্যা ও হলের ফটক তৈরি করতে হবে বলেছি। এসব বিষয়েও উপাচার্য কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না।”

সবুজিআরও বলেন, “আগের উপাচার্যের সময় ৪৮টি পদের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। দলের কর্মীরা পরিশ্রম করেছেন। তাদের চাকরি দরকার, তাই উপাচার্যকে বলেছি। গাড়ি থামানোর ১০ মিনিট পর আমি নিজেই ছেড়ে দিয়েছি। আমরা কোনো অন্যায় দাবি নিয়ে যাইনি।”

রোববারই সকল দাবি লিখিতভাবে দেওয়া হবে বলেও তিনি জানান।