বাগেরহাটে সমিতির টাকা ‘আত্মসাৎ’, পরিচালক গ্রেপ্তার
বাগেরহাটের রামপালে একটি সমবায় সমিতির অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে পরিচালককে গ্রেপ্তার করেছে র্যাব।
খুলনা র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম জানান, খুলনার সদরের জিরো পয়েন্ট থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে রামপাল থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তার নাজমুল হাসান সোহাগ (৪০) রামপাল উপজেলার শ্রীরম্ভা গ্রামের মো. নুর আলীর ছেলে। তিনি ‘স্বনির্ভর ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের’ পরিচালকের দায়িত্বে রয়েছেন।
কোম্পানি কমান্ডার বলেন, চার বছর আগে রামপাল উপজেলায় স্বনির্ভর ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খুলে কয়েকজন কর্মীকে দিয়ে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয়ের টাকা জমা নেন নাজমুল।
সমিতির একজন সদস্য এসএম রুহুল আমিন অভিযোগ করেন, ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকদের থেকে মোটা অংকের সঞ্চয়ের টাকা নেওয়া হতো। কিন্তু টাকা জমা দেওয়ার চার বছর পরও ঋণ দেওয়া তো দূরের কথা, সঞ্চয়ের টাকাই ফেরত দেওয়া হয়নি।
এদিকে এলাকার কয়েকশ মানুষের কাছ থেকে টাকা নিয়ে তা আর ফেরৎ না দিয়ে আত্মসাৎ করেছেন বলে জানান কোম্পানি কমান্ডার মাহফুজুল।
তিনি বলেন, ”গ্রাহকরা তাদের পাওনা টাকা ফেরৎ চাইলে পরিচালক তাদের হুমকি দিতেন বলেও অভিযোগও রয়েছে। পরে রামপাল থানায় গ্রাহকরা একাধিক প্রতারণার মামলা করেন। ওই অভিযাগের ভিত্তিতে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।”
