দাওয়াত না পেয়ে শিক্ষককে পেটানোর অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
শরীয়তপুরে খাবারের দাওয়াত না পেয়ে শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে বুধবার সন্ধ্যায় বাংলা বিভাগের প্রভাষক বিএম সোহেলকে মারধর করা হয় বলে অধ্যক্ষ হারুন অর রশিদ জানান।
অভিযোগের মুখে থাকা সোহাগ ব্যাপারী ওই কলেজের কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।
শিক্ষকরা জানান, বুধবার কলেজের বাংলা বিভাগের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুইজন বিশেষজ্ঞ ও একটি সরকারি কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে তাদের শুভেছা জানানোসহ খাবারের আয়োজন করে বাংলা বিভাগ।
বিকাল ৫টার দিকে সোহাগ ব্যাপারী ও কলেজ শাখার সাধারণ সম্পাদক রাশেল জমাদ্দার কয়েকজন ছাত্রলীগ কর্মীকে নিয়ে বুধবার বাংলা বিভাগে গিয়ে প্রভাষক বিএম সোহেলকে তাকে দাওয়াত না দেওয়ার বিষয়ে জবাবদিহি করতে বলেন। সোহেল তখন তাকে বিষয়টি নিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ সময় সোহাগ রেগে গিয়ে সোহেলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে অন্য শিক্ষকেরা গিয়ে তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে প্রভাষক বিএম সোহেল সাংবাদিকদের বলেন, “ঘটনার আকস্মিকতায় আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। বুঝতে পারছিলাম না কী করব। ছাত্রদের সামনে এমন অপমান-অপদস্ত করা হবে ভাবতেও পারিনি। বিষয়টি আমি অধ্যক্ষ স্যার ও শিক্ষক পরিষদের নেতাদের জানিয়েছি। তারা যে সিদ্ধান্ত দেবেন তাই মেনে নেব।”
এদিকে এ ঘটনায় বুধবার রাতেই পালং মডেল থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ার অভিযোগ করেছেন অধ্যক্ষ হারুন অর রশিদ।
তিনি সাংবাদিকদের বলেন, “ছাত্রলীগের যে নেতার বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে, সে আমাদের কলেজের নিয়মিত শিক্ষার্থী নয় বলে তাকে বহিষ্কারও করতে পারছি না। সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পরীক্ষা দিচ্ছে। রাতে শিক্ষক পরিষদের সভায় তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর আমি বাদী হয়ে পালং মডেল থানায় মামলা করতে যাই। এরপর রাত ২টা পর্যন্ত ওসি মো.আক্তার হোসেন আমাকে বসিয়ে রেখেও মামলা নেয়নি। এটা খুবই দুঃখজনক।”
বিচারের দাবীদে শিক্ষার্থীদের মানববন্ধন
তবে অভিযোগ অস্বীকার করে সোহাগ ব্যাপারি বলেন, “শিক্ষার্থীদের দাবি নিয়ে স্যারদের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে। এর বেশি কিছু না। এর জন্য স্যারদের কাছে আমি ক্ষমা চেয়েছি। আমার বিরুদ্ধে একটি দল অপপ্রচার করেছে। অভিযোগ সত্যি নয়।”
এ বিষয়ে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর বলেন, “কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর আমরা জরুরি সভা ঢেকে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি।”
আর মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মো. আক্তার হোসেন বলেন, এ বিষয়ে তার কাছে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। কেউ তার কাছেও আসেনি।
