খুলনায় মোটরসাইকেলকে কভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২
খুলনা শহরে কভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন শহরের খানজাহান আলী থানার ইস্টার্ন গেট এলাকার মো. আলাউদ্দিন শেখ (৩০) ও আটরা এলাকার মো. আরজু আল চয়ন (২৮)।
বুধবার রাত পৌনে ১১টার দিকে তারা একসঙ্গে একটি মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় পড়েন বলে খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন জানান।
ওসি বলেন, তারা আবু নাসের স্টেডিয়ামের কাছে আসার পর পেছন থেকে কভার্ড ভ্যানটি ধাক্কা দিলে সবাই কভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিন শেখকে মৃত ঘোষণা করেন। পরে চয়নও মারা যান।
আহত মো. হামিদুর রহমানকে (২৮) ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে ওসি বলেন, কাভার্ড ভ্যানটি একটি কুরিয়ার সার্ভিসের। ঘটনার পর সড়কের ধারে ভ্যান রেখে চালক পালিয়ে গেছেন। পরে সেটি জব্দ করা হয়। দুর্ঘটনায় পড়া মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।
