তিন মাসের মেয়েকে আছড়ে লাথি মেরে ‘হত্যা’, গ্রেপ্তার বাবা
সিরাজগঞ্জের সলঙ্গায় তিন মাসের মেয়েকে আছাড় ও লাথি মেরে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার চৌবিলা পশ্চিমপাড়ায় বুধবার দুপুরে এ ঘটনার পর রাতে শিশুটির বাবা রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।
মৃত শিশুর নাম-রাইসা।
স্বজনদের বরাতে ওসি বলেন, “রঞ্জু প্রায় তিন বছর আগে পাশের ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনকে বিয়ে করেন। কিন্তু মাদক সেবন ও বারবার যৌতুকের জন্য চাপ দেওয়ার কারণে রঞ্জুর সঙ্গে তার স্ত্রীর কলহ সৃষ্টি হতে থাকে। কিছুদিন আগে গর্ভবতী অবস্থায় জান্নাতি তার বাবার বাড়ি চলে যায়। সেখানেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
বুধবার দুপুরে রাইসাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে জান্নাতি গোসল করতে যান। এ সুযোগে রঞ্জু ঘুমন্ত রাইসাকে মাটিতে আছাড় দিয়ে ও পা দিয়ে লাথি মেরে হত্যা করে পালিয়ে যায়।”
খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধারের পর থানায় নিয়ে যায় বলে জানান জিলানী।
এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় শিশুটির নানা নজরুল ইসলাম বাদী হয়ে শিশুটির বাবা, দাদা ও দাদিকে আসামি করে রাতে থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে রঞ্জুকে গ্রেপ্তার করা হয়।
