২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় স্ত্রীর চুল কর্তন, নির্যাতনের মামলায় গ্রেপ্তার স্বামী

নওগাঁর রাণীনগরে ‘যৌতুকের টাকা না পেয়ে’ স্ত্রীর চুল কেটে দেওয়ার মামলায় স্বামী গ্রেপ্তার হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 12:32 AM

Updated : 02 Aug 2022, 03:15 PM

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রামের চান্দগাঁওয়ের বরিশাল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফিরোজ হোসেন (২৭) রাণীনগর উপজেলার মধুপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

২২ ফেব্রুয়ারি ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ১৩ মার্চ রাণীনগর থানায় মামলা রেকর্ড করা হয়।

মামলার বরাতে ওসি জানান, ২০১৫ সালের ২৩ জানুয়ারি ফিরোজের বিয়ে হয়। ওই সময় শ্বশুর ফিরোজকে ব্যবসার জন্য এক লাখ টাকা দেন। এর কিছুদিন পর থেকেই আরও এক লাখ টাকা দিতে চাপ দেন ফিরোজ। সে টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিবারের লোকজনসহ ফিরোজ স্ত্রীর উপর নির্যাতন শুরু করেন।

“২২ ফেব্রুয়ারি ফিরোজের সঙ্গে স্ত্রীর বাকবিতণ্ডা হলে পরিবারের লোকজন একত্র হয়ে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলে ফিরোজ হোসেনসহ অন্যরা কাঁচি দিয়ে তার চুল কেটে দেয়।”

ওসি বলেন, ঘটনার পর থেকেই মূল আসামিসহ সবাই পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চটগ্রামের চান্দগাঁও পুলিশের সহযোগিতায় ফিরোজকে গ্রেপ্তার করে।

বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে; মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।