সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্প অনুমোদন
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সুরক্ষায় তিন বছর মেয়াদী একটি সংরক্ষণ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
বন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, ২৩ মার্চ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রশাসনিক আদেশে ‘সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প’-এর অনুমোদন দেওয়া হয়েছে।
তবে এখনই এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে না জানিয়ে তিনি বলেন, আগামী তিন বছর এই প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে। সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। ২০২৫ সালের মার্চ মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবে।
“সুন্দরবনের বাঘের সুরক্ষা দিতে এই প্রকল্প হাতে নিয়েছে সরকার। বাঘের সংখ্যা নিরুপণ, বাঘের খাদ্য, নিরাপদ আবাসস্থলসহ বিভিন্ন বিষয়ে কাজ করবেন প্রকল্পের কর্মকর্তারা। প্রকল্পের অর্থ ছাড় এখনও হয়নি। অর্থ ছাড়ের পর আমরা কাজ শুরু করব।”
তবে আগামী শুষ্ক মৌসুমের (নভেম্বর ডিসেম্বর) আগে এই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।
তিনি আরও বলেন, সুন্দরবনের পূর্ব ও পশ্চিম অঞ্চলে (বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা) এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সুন্দরবনের যে স্থানগুলোতে বাঘের বিচরণক্ষেত্র সেই স্থানগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সুন্দরবনের যেসব নদী খাল মরে গেছে সেইসব এলাকায় ৬০ কিলোমিটার জুড়ে ‘স্টিলের নেট’ দেওয়া হবে বলে জানান তিনি।
“জলবায়ুর পরিবর্তনের ফলে পানির উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে; যার কারণে সুন্দরবনের উঁচু স্থানেও জলোচ্ছ্বাসের পানি উঠে থাকে। এতে বাঘের আবাসস্থল ঝুঁকির মধ্যে পড়ে। জলবায়ুর পরিবর্তনের কথা মাথায় রেখে বনের গহীনে ১২টি মাটির ঢিবি নির্মাণ করা হবে।”
এই প্রকল্পের অধীনে বাঘ গণনা, বাঘের জীবনাচরণসহ সব ধরনের গবেষণাধর্মী কাজ করা হবে বলে জানান এই বন কর্মকর্তা।
