২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ‘ভাতিজার লাঠির আঘাতে’ চাচার মৃত্যু

হবিগঞ্জে ‘ভাতিজার লাঠির আঘাতে’ এক চাচার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 05:03 PM

Updated : 02 Aug 2022, 03:14 PM

নিহত তুরাব আলী (৬৫) সদর উপজেলার বগলাখাল গ্রামের জমির আলীর ছেলে।

বুধবার সকাল ৮টার দিকে তিনি নিহত হন বলে সদর থানার ওসি মো. মাসুক আলী জানান।

ওসি স্থানীয়দের বরাতে বলেন, তুরাব আলী ও তার ভাতিজা নূর আলীর মধ্যে পারিবারিক বিরোধ চলছে। সকালে বাড়ির উঠান ঝাড়ু দিয়ে ঝরাপাতাগুলো একত্র করেন তুরাব আলী। পাতাগুলো তিনি নূর আলীর সীমানায় রাখলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

“একপর্যায়ে ভাতিজা ক্ষিপ্ত হয়ে লাটি দিয়ে তুরাব আলীর মাথায় আঘাত করলে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি বলেন, নূর আলী ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।