২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 06:33 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

শহরের বিটি রোডে মঙ্গলবার দুপুরে বিএনপিনেতা দেওয়ান মো. শফিকুজ্জামানের ’হাবিব ভিলায়’ ভাঙচুর চালানো হয় বলে সদর মডেল থানার এসআই আ. কুদ্দুস জানান।

পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানান তিনি।

শফিকুজ্জামান চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, সদর থানা বিএনপির দুইবারের সভাপতি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ২০১০ সালে সম্মেলন হয়।

শফিকুজ্জামান বলেন, “জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক সোহেল ওরফে নায়ক সোহেলের নেতৃত্বে ১০টি মোটরসাইকেল ও অটোরিকশায় লোকজন এসে ভাঙচুর করে। এ সময় তারা সিঁড়ি বেয়ে উপরে উঠার চেষ্টা করে।

তিনি বলেন, “সাধারণ সম্পাদক পদ থেকে সরে না দাঁড়ানোয় কয়েকদিন ধরেই আমাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। আমার ভোটারদেরও হুমকি দেওয়া হচ্ছে।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেন ইসমাইল হোসেন। এ সময় তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ তোলেন তিনি।

ইসমাইল হোসেন বলেন, “আমি কারও বাড়িতে হামলা করিনি। উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।”