২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে সংঘর্ষ: তিন মামলা, আটক ৮

স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের আধিপত্য নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 01:56 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল ভুইয়া জানান, ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক এবং এ ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।

সোমবার দুপুরে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের দখল নেওয়াকে কেন্দ্র করে সংগঠনটির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

এক পর্যায়ে বন্দরে শ্রমিক সংগঠনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বেনাপোল বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান বলেন, “ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সোমবার সকালের দিকে বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করে। এ সময় বন্দর এলাকায় তারা বোমার বিস্ফোরণ ঘটায়।

“বন্দর এলাকায় ৪০/৫০ টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হলে বেনাপোল বন্দর এলাকার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং বন্দর, কাস্টমসসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ওই ঘটনায় সোমবার সারাদিন বন্দরে পণ্য লোড আনলেড সহ সকল কার্যক্রম বন্ধ ছিল।”

প্রশাসন থেকে অভিযুক্তদের আটকের আশ্বাস পাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে আবার বন্দরে লোড আনলোডসহ সকল কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।

ওসি বলেন, বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীর গাড়ি জব্দ করে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে। এছাড়া বিশৃঙ্খলা এড়াতে বন্দর এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে এ সংঘর্ষের ঘটনায় বেনাপোল বাজারের 'নিত্যহাট' মার্কেটে ভাংচুরের প্রতিবাদে মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে নিত্যহাট ব্যবসায়ীক কল্যাণ সমিতি।

নিত্যহাট ব্যবসায়ীক কল্যাণ সমিতির ব্যবসায়ী মোশারফ হোসেন বাপি বলেন, বাজারে তাদের ২৭৪টি দোকান রয়েছে। সংঘর্ষের মধ্যে তাদের অনেক দোকানপাট ভাংচুর করা হয়।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, মঙ্গলবার সকাল থেকে হ্যান্ডলিং শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। বন্দরে পণ্য উঠানামা,খালাস ও আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে।