২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোংলায় ‘বন্ধুর হাতে’ বন্ধু খুন

বাগেরহাটের মোংলায় পূর্ব বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার এক বন্ধুর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 01:28 PM

Updated : 28 Apr 2022, 11:58 PM

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে মোংলা পৌরসভার ছাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শাহিন (৩৫) ওই এলাকার মো. একরামুল হকের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

শাহিনের বড় বোন খাদিজা বেগমের অভিযোগ, এলাকার মারুফ (৩৫) নামের এক কাঠ মিস্ত্রীর সঙ্গে তার ভাইয়ের পূর্ব শত্রুতা ছিল। ওই জের ধরেই মারুফ তার ভাইকে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম ও জামাল হোসেন জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাড়াবাড়ি এলাকার রাস্তার উপরে মারুফ নামের এক যুবক শাহিনের পেটের বাম পাশে ছুরি ঢুকিয়ে দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান। এরপর তারা শাহিনকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত ডা. মো. সিরাজুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগে পথেই শাহিনের মৃত্যু হয়। তার পেটের বাম পাশে ছুরির আঘাত রয়েছে।”

ওসি বলেন, “মারুফ আর শাহিন দুই বন্ধু। শাহিন মারুফের স্ত্রী নাদিরা বেগমকে ভাগিয়ে বিয়ে করেন। এ নিয়ে শাহিনের সঙ্গে মারুফের শত্রুতার সৃষ্টি হয়। এর জের ধরেই এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।