রাজবাড়ীতে ইউএনও পরিচয় দিয়ে এক ব্যক্তি আটক
রাজবাড়ীর পাংশা উপজেলায় ইউএনও পরিচয় দিয়ে চাঁদা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক শাহরিয়ার জাহান (৪৮) উপজেলার নারায়ণপুর গ্রামের মুন্সী আকবর আলীর ছেলে।
উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় এলাকা থেকে সোমবার দুপুরে তাকে আটক করা হয় বলে পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান।
পুলিশ জানায়, বেলা ১টার দিকে ডন মোড় এলাকায় খাবারের হোটেলে গিয়ে নিজেকে পাংশার ইউএনও বলে পরিচয় দেন শাহরিয়ার। তিনি হোটেলের ট্রেড লাইসেন্স দেখতে চান। লাইসেন্স দেখাতে না পারলে দুই হোটেল মালিককে ৫০০ টাকা করে জরিমান করেন তিনি। কিন্তু স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটকে করে পুলিশে খবর দেয়।
ওসি মাসুদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। সে সময় সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, মাছপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দর সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
