বরিশালে পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে
বরিশালের হিজলা উপজেলায় পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে কনস্টেবলকে মারধরের অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় সাত আসামি গ্রেপ্তার করা হয়েছে বলে হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন।
মামলার প্রধান আসামি উপজেলার হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার বাদল সিকদার।
মামলা করেছেন হরিনাথপুর ইউনিয়নের শেওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় কনস্টেবল মেহেদি হাসান হরিনাথপুর বাজার থেকে ফাঁড়িতে ফিরছিলেন। পথে একটি ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে মেহেদি হাসান আহত হন। মেহেদি ভ্যান থামাতে বললেও চালক মনির রাঢ়ী চলে যান। পরে বাজারে গিয়ে মনিরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়।
“সন্ধ্যায় শাহরিয়ার বাদল সিকদারসহ লোকজন এসে ফাঁড়িতে হামলা করেন। তারা ফাঁড়িতে অবস্থান করার সময় কনস্টেবল মেহেদিকে মারধর করেন। আরেক কনস্টেবল আক্তারুজ্জামান বাধা দিলে তার পোশাক ছিঁড়ে ফেলেন হামলাকারীরা। এছাড়া তারা মেহেদিকে প্রাণনাশের হুমকি দেন।”
আহত মেহেদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান এসআই মিজানুর।
তিনি বলেন, এ ঘটনায় তিনি ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
ঘটনার পর শনিবার সন্ধ্যায়ই পুলিশ সাতজনকে আটক করে পুলিশ।
ওসি ইউনুস মিয়া বলেন, “সাত আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি অন্য আসামিদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
