ভ্যানচালকের বাড়ি থেকে চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ৩
সিরাজগঞ্জের কাজিপুরে এক ভ্যানচালকের বাড়ি থেকে এক চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, রোববার সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়া এলাকা থেকে ব্যবসায়ী হোসেন আলীর লাশ (৪৫) তারা উদ্ধার করেন।
হোসেনের বাড়ি ওই ইউনিয়নের রৌহাবাড়ী গোপালপুর গ্রামে।
আটকরা হলেন- ওই এলাকার ভ্যানচালক আব্দুস সালামের স্ত্রী রুবি খাতুন (৪৫) মেয়ে রাহা খাতুন (২৫) ও জেসমিন খাতুন (২৩)।
ওসি বলেন, “সালামের শোবার ঘরে হোসেনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে হোসেনের লাশ উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য সালামের স্ত্রী ও দুই মেয়েকে আটক করে পুলিশ।”
নিহতের মুখে ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
