গণহত্যার স্মারকে খুলনায় জাদুঘর
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও নির্যাতনের স্মারক নিয়ে খুলনায় গড়ে তোলা হয়েছে একটি আর্কাইভ ও জাদুঘর। যেখানে নতুন প্রজন্মের মানুষরা এসে পাকিস্তানি হানাদারদের বর্বরতা-নৃশংসতা প্রত্যক্ষ করতে পারছে।
'১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর' এর যাত্রা শুরু ২০১৪ সালের ১৭ মে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুনের উদ্যোগ, উৎসাহে।
জাদুঘর কর্তৃপক্ষ বলছে, এটি দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর। এরই মধ্যে পাকিস্তান বাহিনীর হাতে নিরস্ত্র বাঙালিদের হত্যা, নির্যাতনের অসংখ্য নির্দশন এখানে সংরক্ষণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলের অসংখ্য শ্রমিককে জলন্ত বয়লারে নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করা হয়। সেই নষ্ট হয়ে যাওয়া বয়লারের অংশ বিশেষ এখানে সংরক্ষিত আছে।
খালিশপুরের ভৈরব নদ তীরের ওই মিলের বয়লারে পাকিস্তানি বাহিনী ঠিক কতোজনকে পুড়িয়ে মেরেছে তার হিসাব নেই জানান খুলনার মুক্তিযোদ্ধা শাহীন আজাদ।
তিনি বলেন, “মিল শ্রমিকরাই এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বেশি।”
বটিয়াঘাটা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ দিনের স্মৃতিচারণ করে বলেন, “মাধবচন্দ্রের পকেটে পাওয়া রক্তমাখা কিছু টাকা এবং তাদের রক্তমাখা কাপড় সাক্ষী হয়ে আছে সেদিনের নিষ্ঠুরতার।”
মাধবচন্দ্রের ওই রক্তমাখা টাকা এবং কাপড় সংরক্ষণ করা হয়েছে খুলনার ‘গণহত্যা জাদুঘরে’।
এখানে আছে বাঙালির মুক্তি, স্বাধীনতার স্পৃহা, যুদ্ধদিনের পাকিস্তান বাহিরীর হাতে নিরস্ত্র বেসামরিক বাঙালিদের নির্যাতনের অসংখ্য নির্দশন। যেগুলোর মুখোমুখি হলে দর্শনার্থীদের চোখে ভেসে ওঠে এই দেশের জন্মমুহুর্তের য্ন্ত্রণার দিনগুলো।
অধ্যাপক মামুন বলেন, "খুব কম সময়ের মধ্যে আমরা মোটামুটি জাদুঘরটিকে দাঁড় করাতে পেরেছি। জাদুঘরটির নিদর্শন সংখ্যার সঙ্গে সঙ্গে বাড়ছে দর্শক সংখ্যা। একাত্তরের গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্যও কাজ করে যাচ্ছি আমরা।"
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, জাদুঘরের প্রধান ফটকের পাশেই ইট-পাথরের মাঝে পড়ে আছে হাত-পা বাঁধা দুটি মরদেহের প্রতিকৃতি। কিছুটা সামনে রিকশায় পড়ে আছে মরদেহ।
ভবনের নিচতলার দেয়ালজুড়ে টাঙানো সারি সারি ছবি সাক্ষ্য হয়ে আছে নৃশংস গণহত্যার। রক্তাক্ত মৃতদেহ, যুদ্ধের বিভৎসতা আর মা-বোনের যন্ত্রণার মুখচ্ছবি দেখে শিউরে উঠতে হয়।
তবে শুধু যুদ্ধ পরিস্থিতি নয়। রাজাকার-আলবদরদের যোগসাজশে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের ব্যবহার্য নানা জিনিসপত্রও এই জাদুঘরকে সমৃদ্ধ করেছে।
শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ব্যবহৃত শাড়ি ও কলম, বিশিষ্ট চক্ষু চিকিৎসক শহীদ বুদ্ধিজীবী ডা. এ এফ এম আবদুল আলীম চৌধুরীর চিকিৎসার কাজে ব্যবহৃত নানা সরঞ্জামও রাখা হয়েছে জাদুঘরে।
রয়েছে শহীদুল্লাহ কায়সারের ব্যবহৃত ডায়েরি, শহীদ বুদ্ধিজীবী ড. মুনীর চৌধুরীর পাঞ্জাবি, শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের পাজামা-পাঞ্জাবি ও নিজের হাতে লেখা একটি পাণ্ডুলিপির কপি।
রয়েছে বিবিসির সংবাদদাতা শহীদ নিজাম উদ্দিন আহমেদের ব্যবহৃত কোট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার লেখা বই। গণহত্যায় ব্যবহৃত গুলির খোসা, ট্রানজিস্টরসহ নানা স্মারক।
কর্তৃপক্ষ জানান, শহীদ পরিবারের সদস্যরা এগুলো জাদুঘরকে দান করেছেন।
সংগ্রহ করা হয়েছে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হুমকি দেওয়া চিঠি। নিয়াজির গণহত্যার ব্লু-প্রিন্টও আছে এই জাদুঘরেই।
এ ছাড়া বিভিন্ন জেলার শান্তি কমিটির মিটিং-এর মিনিটস, শান্তিসেনার হলফনামা, এলাকাবাসীদের রাজাকার বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বাগেরহাট জেলার কুখ্যাত রাজাকার রজব আলী ফকিরের হাতে লেখা চিঠি এবং রংপুরের কুখ্যাত পাকিস্তানি যুদ্ধাপরাধী জেনারেল খটকের দুষ্কর্মের দলিল।
আট বছর আগে যাত্রা শুরু করা '১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর'টির কার্যক্রম শুরু হয় নগরীর ময়লাপোতা এলাকার শেরেবাংলা রোডের একটা ভাড়া বাড়িতে।
এর পরের বছর ২০১৫ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে খুলনা নগরের ২৬ সাউথ সেন্ট্রাল রোডের দ্বিতল বাড়ি উপহার পায় প্রতিষ্ঠানটি।
সেটি সংস্কার করে ২০১৬ সালের ২৬ মার্চ ওই বাড়িতে স্থানান্তর করা হয় আর্কাইভ ও জাদুঘরটি।
ট্রাস্টি ডা. শেখ বাহারুল আলম বলেন, “ভবনের কাজ চলছে। নতুন ভবনে তিনটি প্রদর্শনী গ্যালারি, লাইব্রেরি, ১৫০ আসনের মিলনায়তনসহ আরও অনেক কিছু সংযোজন করা হবে।”
তিনি বলেন, “প্রতিষ্ঠার আট বছরে গণহত্যার আর্কাইভ ও জাদুঘরটি অর্জন নেহায়েত কম নয়। ধীরে ধীরে এটি সমৃদ্ধ হচ্ছে। বিপুল তথ্য নিয়ে গড়ে উঠেছে ডিজিটাল আর্কাইভ। নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি ডকুমেন্টারি। সংগ্রহ করা হয়েছে একাত্তরের গণহত্যার খবর দিয়ে প্রকাশিত দেশি-বিদেশি দলিল ও পত্র-পত্রিকা। বাংলাদেশ ডাক বিভাগ এ গণহত্যা-নির্যাতন জাদুঘরের ওপর স্মারক খাম প্রকাশ করেছে।”
