ডাকাতিয়ায় অবৈধ বালু উত্তোলন, ‘সাড়া নেই’ প্রশাসনের
কুমিল্লায় ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বার বার অভিযোগ করেও প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছে গ্রামবাসী।
লাকসাম ও লালমাই উপজেলার মধ্যবর্তী স্থানের তিনটি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, নদী খননের নামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিযুক্ত লোকজন নদীর বালু লুটপাট করছে। এতে নদীর দুই পাড়ের বাসিন্দাদের ফসলি জমি, বাড়িঘর ভেঙে পড়ার অবস্থা তৈরি হয়েছে।
লাকসামের দুপচর, লালমাইয়ের শমেসপুর ও পশ্চিম পেরুল গ্রামের ভুক্তভোগীদের ভাষ্য, উত্তোলনকারীরা নিয়মের বাইরে গিয়ে একই স্থানে পাঁচটি ড্রেজার বসিয়ে প্রায় দুই মাস ধরে ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন করছেন। এসব বালু পরে অবৈধভাবে মোটা অংকের টাকায় বিক্রিও করা হচ্ছে। আর ওই বালু দিয়ে আবার ভরাট করা হচ্ছে পুকুর ও ডোবা।
এ ঘটনায় ব্যবস্থা নিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পাউবোসহ বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষর জমা দিয়েছেন। তবে প্রায় দুই মাসেও অভিযোগের কোনো প্রতিকার পাননি তারা। এ অবস্থায় ফসলি জমি, বাড়িঘর ভাঙন থেকে রক্ষা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় কৃষক হুমায়ুন নাসির মিয়া ও রতন সিংহ জানান, ডাকাতিয়া নদী থেকে ‘অপরিকল্পিতভাবে’ পাঁচটি ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করছে পাউবোর নিযুক্ত প্রভাবশালী ব্যক্তিরা। নদীর বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে ভরাট করা হচ্ছে এলাকার একাধিক পুকুর ও ডোবা।
কৃষক কবির বলেন, “যারা এসব ভরাট করাচ্ছেন তারাও মোটা অংকের টাকা দিচ্ছেন বালু উত্তোলনকারীদের। নদী খনন মানে পাউবোর লোকেরা সমানভাবে ড্রেজিং করতে করতে সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু নিয়ম-নীতির কোনো তোয়াক্কা না করে একই স্থান থেকে অবাধে বালু তুলছে। এতে নদী তীরবর্তী ঘরবাড়ি, গবাদি পশুর খামার, কৃষি জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের একটি বাড়িও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
লালমাই উপজেলার শমেসপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, “পাউবোর সহযোগিতায় অন্যায়ভাবে এসব কাজ চলছে বলে এলাকার মানুষ মনে করে। বালু উত্তোলনকারীরা একদিকে নদী খননের নামে সরকারের বিলুপ অর্থ লোপাট করছে। আবার নদীর বালু বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।”
স্থানীয় বাসিন্দা তৃষ্ণা বড়ুয়া বলেন, “ড্রেজারের বালুযুক্ত পানি কৃষি জমিতে গিয়ে মিশে যাচ্ছে। এতে চলতি বোরো ধানসহ অন্যান্য ফসল নষ্ট হচ্ছে। গত বুধবার এলাকাবাসীর বাধার মুখে ড্রেজিং সাময়িক বন্ধ রাখে সংশ্লিষ্টরা। আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছি না।
দুপচর গ্রামের সজল সিংহ বলেন, “গত দুই মাস ধরে আমাদের বাড়ির পাশে ড্রেজার মেশিন দিয়ে নদীর বালু লোপাট করা হচ্ছে। এ সব বালু মোটা পাইপ দিয়ে নিয়ে একই গ্রামের প্রভাবশালী এক ব্যক্তির পুকুর ভরাট করা হয়েছে। এ ছাড়া আরও একাধিক পুকুর-ডোবা ভরাট করা হচ্ছে। এতে নদীর ওই অংশে বিরাট গর্ত সৃষ্টি হয়ে পাশের বসতবাড়ি, গবাদি পশুর খামার, মহাশ্মশানে যাওয়ার রাস্তা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।”
পাউবো কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, “ফারুক চৌধুরী নামের একজন ওই এলাকায় ড্রেজিংয়ের কাজটি করছেন। তবে মাটি ব্যবস্থাপনার কাজ স্থানীয় প্রশাসনের। এ ছাড়া এক স্থান থেকে একটানা মাটি-বালু উত্তোলন করার কোনো নিয়ম নেই। যারা কাজটি করছেন তাদের অবশ্যই আমাদের নকশা অনুযারী মাটি কেটে সামনের দিকে এগিয়ে যেতে হয়।
এ ব্যাপারে চেষ্টা করেও ফারুক চৌধুরীর সঙ্গে কথা বলা যায়নি।
