২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে শহীদ বেদিতে আওয়ামী লীগের দুপক্ষে মারামারি

স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে ফুল দেওয়ার সময় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগের দুটি পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে; এতে আহত হয়েছেন দুজন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2022, 04:09 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

শনিবার সকালে উপজেলার ‘বাংলাদেশ চত্বরে’ বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন জাকির ও নাজমুল।

তবে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করে সাটুরিয়া থানার ওসি মো. আশরাফুল আলম গণমাধ্যমকে বলেন, “শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি।“ 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী তার সমর্থকদের নিয়ে আওয়ামী লীগের ব্যানারে শহীদ বেদিতে ফুল দিতে যান। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিনের কর্মী-সমর্থকরা তাদের বাধা দেন। এতে হট্টগোলের সৃষ্টি হয়।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত নেতা মো. জাকির হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের সমর্থকরা মিলে চেয়ারম্যান সোহেল চৌধুরীর কর্মী-সমর্থকদের ধাওয়া দেয়। এতে জাকির ও নাজমুলসহ কয়েকজন আহত হয়।

বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন এ ঘটনাকে ‘দুঃখজনক’ মন্তব্য করে বলেন, “বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা সোহেল চৌধুরী তার দলবল নিয়ে আওয়ামী লীগের ব্যানারে শহীদ বেদিতে ফুল দিতে গেলে এই ঘটনা ঘটে।”

বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল বলেন, "আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুলের তোড়া দিতে গেলে আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি মো. রুহুল আমীন ও তার দলবল আমাদের ওপর হামলা করে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে যা ন্যাক্কারজনক ঘটনা।"

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিনও শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করছেন।

তিনি বলেন, “সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে এই ঘটনার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।“