২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার মান নিশ্চিতে অবিরাম কাজ হচ্ছে: শিক্ষামন্ত্রী

বর্তমান সরকার শিক্ষার মান নিশ্চিত করতে অবিরাম কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 07:38 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

শুক্রবার দুপুরে গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষার্থীদের মানবিক হওয়ার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, “আমরা সবাইকে শিক্ষার আওতায় নিয়ে এসেছি। বর্তমান সরকার শিক্ষার মান নিশ্চিত করতে অবিরাম কাজ করে যাচ্ছে। শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না। আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে মানবিক মানুষ রূপে গড়ে তুলতে হবে।

“২০১৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘোষণা করেছিল, প্রতিটি ক্ষেত্রে শিক্ষার মান অর্জন করতে হবে...। শিক্ষার্থীদের কমিউনিকেশন বা যোগাযোগ দক্ষতা অর্জন কারা, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান করার যোগ্যতা অর্জন করেত হবে। সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করা ও সৃজনশীলতা অর্জনও জরুরি।"

মূল্যবোধ অর্জিত না হলে জ্ঞান ও দক্ষতা তেমন কোনো কাজে আসবে না বলে মনে করেন শিক্ষামন্ত্রী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আবদুল মোনেম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান মিয়াজী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম সিকদার, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মাহবুবুল হক, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার।

এ উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয় অনুষ্ঠানে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে।