২৬শে মার্চ বাগেরহাটে কনসার্টে জেমস
স্বাধীনতা দিবসে বাগেরহাটে একটি কনসার্টে অংশ নিচ্ছেন খ্যাতিমান ব্যান্ড তারকা জেমস।
বাগেরহাটের শেখ হেলালউদ্দিন স্টেডিয়ামে ‘স্বাধীনতা কনসার্টে’ তিনি গাইবেন বলে তার ব্যান্ড ‘নগরবাউল’-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান।
রুবাইয়াৎ ঠাকুর রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাগেরহাটে জেমস ভাইর এটাই প্রথম কনসার্ট। ওখানকার তারুণ্যের সাথে বেশ ভালোই জমবে বলে ভাবছেন তিনি।”
নগরবাউলের পক্ষ থেকে বাগেরহাটের তারুণ্যকে তার গানে গানে সুর মেলাতে তৈরি থাকার আহবানও জানান রবিন।
২৬ মার্চ ঢাকায়ও নগরবাউলের কনসার্টের ডাক ছিল জানিয়ে রবিন বলেন, “ঢাকায় তো আমরা প্রায়ই কনসার্ট করি; কিন্তু বাগেরহাট খুলনা অঞ্চলে বড় কোনো কনসার্টের আয়োজন সচরাচর হয় না। এ কারণে জেমস ভাই অন্য প্রোগ্রামের অফার বাতিল করে বাগেরহাটে যাচ্ছেন।”
বাগেরহাটের শেখ হেলালউদ্দিন স্টেডিয়ামে ‘স্বাধীনতা কনসার্টে’ নগরবাউল ছাড়াও ‘চিরকুট’ ও কুষ্টিয়ার ‘লালন একাডেমির’ শিল্পীরাও গাইবেন বলে তিনি জানান।
