টেকনাফে ইয়াবাসহ পাঁচ ‘মাদক কারবারি’ আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ইয়াবাসহ পাঁচ ব্যক্তি আটক হয়েছেন, যাদের ‘মাদক কারবারি’ বলছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার একটি বাড়িতে এই অভিযান চালানো হয় বলে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান।
আটকরা হলেন শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার আবুল হোসেনের ছেলে কামাল মিয়া ওরফে লেডু (৩৭), প্রয়াত ইমাম শরীফের ছেলে মো. আয়াছ (৩৫), সাবরাং আলীর ডেইলের দিল মোহাম্মদের এর ছেলে জাফর (৩২), একই এলাকার দিল মোহাম্মদের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩০), সাবরাং নয়াপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মো. ইমাম হোসেন (২৭)।
ওসি হাফিজুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ জালিয়া পাড়ায় কামাল মিয়া ওরফে লেড়ুর বাড়িতে অভিযান চালায়।
“তার বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়।”
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
