২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের শরিফুল খুন হন ছিনতাইকারীর ছুরিতে: পুলিশ

গাজীপুরের পোশাককর্মী মো. শরিফুল ইসলাম ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হন বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 08:30 PM

Updated : 28 Apr 2022, 11:55 PM

গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, সম্প্রতি তিনজনকে গ্রেপ্তারের পর তারা এই তথ্য পেয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর সদর উপজেলার তেঁতুলতলা এলাকার মো. শাহজাহান আলী (২৪), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার মিয়াপাড়া এলাকার মো. রাজীব হোসেন (২১) ও গাজীপুর শহরের বাসন থানার দিঘীরচালা এলাকার মো. আল আমিন (২৭)।

শরিফুল ইসলাম হত্যা মামলায় সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শরিফুল গাজীপুর শহরের ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্ট নামে একটি কারখানায় কোয়ালিটি কন্ট্রোলার পদে চাকরি করতেন।

২০২০ সালের ২০ নভেম্বর গাজীপুর শহরের দিঘীরচালা এলাকায় সেবা হাসপাতালের পেছন থেকে তার ছুরিকাহত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তার ভাই সাইফুল ইসলাম অজ্ঞাতদের আসামি করে বাসন থানায় মামলা করেন।

পরিদর্শক হাফিজুর রহমান বলেন, ঘটনার তদন্তে নেমে তারা গোপন তথ্যের ভিত্তিতে দিঘীরচালা এলাকা থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যমতে একই এলাকা থেকে রাজীব এবং আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে পরিদর্শক হাফিজুর রহমান বলেন, শরিফুল ইসলাম অটোরিকশায় করে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।

“অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে শরিফুল দৌড়ে সেবা হাসপাতালের দিকে চলে যান। ছিনতাইকারীরা গামছা দিয়ে তার মুখ চেপে ধরে টানতে টানতে সেবা হাসপাতালের পেছনে নিয়ে যায়। তারা তার মোবাইল ফোন ও টাকা ছিনতাই করতে গেলে ধস্তাধস্তি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তার পিঠে ও পায়ে ছুরি মারে। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও টাকা নিয়ে চলে গেলে সেখানেই শরিফুল মারা যান।”

গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।