সিরাজগঞ্জে নৌকা ডুবে নারীর মৃত্যু
সিরাজগঞ্জের চৌহালীতে নৌকা ডুবে এক নারী প্রাণ হারিয়েছেন।
উপজেলার উমারপুর খেয়া ঘাট এলাকায় মঙ্গলবার বিকালে নৌকাডুবির ঘটনা ঘটে বলে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুর ইসলাম জানান।
নিহত নমেছা খাতুন (৪৮) খেয়া ঘাট এলাকার শাহজাহান আলীর স্ত্রী।
আমিনুর ইসলাম বলেন, বিকাল ৫টার দিকে ১৫ থেকে ২০ জন যাত্রীসহ ইঞ্জিনচালিত নৌকাটি ধুবুলিয়ার চর থেকে উমারপুর যাওয়ার পথে ডুবো চরে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও নমেছা খাতুন নিখোঁজ হন।
“নৌ-পুলিশ ও চৌহালী থানা পুলিশ মিলে অভিযান চালিয়ে ঘণ্টা দুয়েকের মধ্যে নমেছা খাতুনের লাশ উদ্ধার করে।”
লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
