২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে 'তুমি' সম্বোধন করায় শিক্ষার্থীকে মারধর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার এক ছাত্রলীগ নেতাকে ‘তুমি’ সম্বোধন করায় এক শিক্ষার্থীকে মেরে আহত করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2022, 03:32 PM

Updated : 28 Apr 2022, 11:55 PM

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন জানান।

এ ঘটনায় আহত মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমানকে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুবির প্রত্নতত্ত্ব বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সেলিম মিয়ার দোকানে চা খেতে যায়। এ সময় সেখানে থাকা আনিসুরকে পরিচয় জিজ্ঞেস করেন তিনি। এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকে চিনতে না পেরে 'তুমি' বলে সম্বোধন করেন আনিসুর। এতে ওয়াকিল ও তার বন্ধুরা ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে 'প্রকাশ ফটোস্ট্যাটের' পেছনে নিয়ে আনিসুরকে বেদম মারধর করেন। মারধরের একপর্যায়ে ছাত্রলীগ নেতা ওয়াকিল ওই ছাত্রের চোখেও আঘাতে করেন। এতে আনিসুরের চোখের চশমা পড়ে যায় এবং গুরুতর জখম হয় সে।

পরে আনিসুরকে তার সহপাঠীরা উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম পাহাড়তলী হাসপাতালে পাঠানো হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. কৌশিক সেন গুপ্ত বলেন, “আমরা আনিসুর রহমানকে প্রাথমিকভাবে দেখে চিকিৎসা দিয়েছি। তবে চোখের পেছনের অংশ আঘাত কতটা গুরুতর তা জানা যায়নি। এজন্য উন্নত চিকিৎসার রাতেই তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।”

সোমবার রাতে আহত আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, “আমাকে ওয়াকিল ভাই পরিচয় জিজ্ঞেস করলে আমি আমার পরিচয় দেই। পরে মিরাজ নামের একজনের নাম জিজ্ঞেস করলে, আমি বলি মিরাজ কি তোমার বন্ধু৷ এতে আমার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়৷ পরে আমাকে মারধর শুরু করে। আমি আর কিছু বললে তিনি আবারও আমাকে মারধর করতে পারেন।”

অভিযোগের বিষয়ে ওয়াকিল বলেন, “ওই ছেলে সিগারেট খেয়ে আমার মুখের উপর ধোঁয়া ছাড়ে৷ আমি এর প্রতিবাদ করলে সে আমাকে ও আমার মা-বাবাকে ধরে গালি দেয়। এ সময় তার সাথে আমার হাতাহাতি হয়। তারপরে কি হয়েছে আমি জানি না। সে হয়তো দৌঁড়ে পালাতে গিয়ে চোখে ব্যথা পেয়েছে। আমার বিরুদ্ধে করা এসব অভিযোগ মিথ্যা। ”

প্রক্টর কামাল উদ্দীন বলেন, “বিষয়টি আমি জানতে পেরে সোমবার রাতেই ভুক্তভোগীকে হাসপাতালে দেখতে যাই। চোখের অবস্থা ব্যাঘাত দেখে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা প্রক্টরিয়াল বডির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, “একজন সাধারণ শিক্ষার্থীকে মারধর করা অন্যায়। আমরা বিষয়টি জেনেছি। শিগগিরই এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ”