২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ছিনতাইয়ের অভিযোগ শুনতে গিয়ে হামলায় আহত এসআই

বাগেরহাটের কচুয়ায় ছিনতাইয়ের অভিযোগ শুনতে যাওয়ার পর পুলিশের এক এসআইকে কুপিয়ে আহত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 02:54 PM

Updated : 28 Apr 2022, 11:54 PM

উপজেলার সম্মানকাঠি গ্রামের গোড়াখাল এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে বলে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. রাসেলুর রহমান জানান।

আহত রবিউল ইসলাম কচুয়ায় থানার এসআই। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “সম্প্রতি কচুয়া উপজেলার সম্মানকাঠি এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ছিনতাইয়ের ঘটনায় একই গ্রামের ইতরুপ আলী শেখের ছেলে জুয়েল শেখের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয়।

“অভিযোগ পেয়ে রোববার রাত ৯টার দিকে কচুয়া থানার এসআই রবিউল তার ফোর্স নিয়ে ওই এলাকায় যান এবং জুয়েলের সঙ্গে কথা শুরু করেন।

এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটি  শুরু জুয়েল পাশের একটি বাড়ি থেকে ধারালো দা এনে রবিউলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”

পরে পুলিশ রবিউলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানান রাসেলুর।

তিনি বলেন, জুয়েলের বিরুদ্ধে কচুয়া থানায় খুন ও মারাধরের পৃথক দুটি মামলা রয়েছে। সম্প্রতি খুনের মামলায় জামিনে বের হয় সে। তাকে আটক করতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফুল ইলমাম আকাশ সাংবাদিকদের বলেন, “রোববার রাত ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় এসআই রবিউলকে নিয়ে আসা হয়। তার ডান হাতের কনুই এবং বাম পায়ের উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পায়ের ক্ষতটা গুরুতর। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।”