কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
বিপুল পরিমাণ মৃত মাছ আসার একদিন পর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো একটি মৃত ডলফিন।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনসংরক্ষক কর্মকর্তা (ডিএফও) সরওয়ার আলম জানান, রোববার দুপুরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক সৈকতে মৃত ডলফিনটি ভেসে আসে।
তবে ডলফিনটি কোন প্রজাতির এবং কী কারণে সেটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেননি এ বনকর্মকর্তা।
সরওয়ার আলম বলেন, দুপুরে উখিয়ার পাটুয়ারটেক সৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসতে দেখে স্থানীয়রা বনবিভাগের সংশ্লিষ্টদের খবর দেয়। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা ও কর্মীদের তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় তারা একটি মৃত ডলফিন সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান।
"ডলফিনটির শরীরে পচন ধরেছে; দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে ২/১ দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে। তবে কী কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।”
বিভাগীয় এ বনসংরক্ষক বলেন, "ডলফিনটির শরীরে পচন ধরায় কোন প্রজাতির তা শনাক্ত করা সম্ভব হয়নি। ডলফিনটির ছবি ধারণ করা আছে। এটির প্রজাতি শনাক্তের চেষ্টা চলছে।"
একদিন আগে শনিবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টের আধা-কিলোমিটার এলাকাজুড়ে জোয়ারের পানিতে ভেসে আসে বিপুল পরিমাণ মৃত মাছ।
