২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

জমি সংক্রান্ত বিরোধে ফতুল্লায় শিশু মো. ইমন হত্যার দায়ে নয় বছর পর চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 01:39 PM

Updated : 25 Jul 2022, 04:41 PM

রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জাসমিন আহমেদ জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, ২০১৩ সালে জমির বিরোধ নিয়ে শিশু ইমনকে হত্যা করা হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত চারজনকে বেকসুর খালাস দিয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নাহিদ হাসান, আহম্মদ আলী, মো. সিরাজ ও সেন্টু মিয়া।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- হোসনে আরা ও সালমা আক্তার।

আর বেকসুর খালাস পেয়েছেন মন্টু, খোরশেদ, মামুন ও আয়শা। আসামিরা সবাই বক্তাবলী এলাকার বাসিন্দা।

আইনজীবী বলেন, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাহিদ হাসান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সালমা এবং খালাস পাওয়া মামুন ও আয়শা আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক।

এর আগে আইনজীবী জানিয়েছিলেন, আদালত সাতজনকে মৃত্যুদণ্ড ও তিনজনের বেকসুর খালাস দিয়েছেন।

পরে এর ব্যাখ্যায় তিনি বলেন, “আমার তথ্যগত ভুল হয়েছিল। বিচারকের স্বাক্ষর করা আদেশে চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবনের কথা বলা হয়েছে।”

মামলার অভিযোগে বলা হয়, নিখোঁজের নয় দিন পর ২০১৩ সালের ২২ জুন নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর একটি ক্ষেত থেকে স্কুলছাত্র ইমন হোসেনের নয় টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। ইমন বক্তাবলীর কানাইনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়।

এই ঘটনায় নিহতের বাবা ইসমাঈল হেসেন বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামল দায়ের করেন।

আইনজীবী আরও বলেন, মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দিয়েছেন।