সিরাজগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে; সন্দেহভাজন হিসেবে স্বামীকে আটক করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার বিলেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান।
নিহত নারগিস বেগম (৩৫) গ্রামের রেজাউল করিমের (৪০) স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদকাসক্ত রেজাউল করিম প্রায়ই তার স্ত্রীকে মারপিট করত। শনিবার সকালেও তাকে বেধড়ক মারধর করা হয়।
“এতে নারগিস গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে রওনা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।”
ওসি বলেন, রেজাউলকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
