কাশিমপুর কারাগারের নাইজেরীয় নারী বন্দির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের এক নাইজেরীয় নারী বন্দি মারা গেছেন।
এই কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তিনি মারা গেছেন।
প্রয়াত চিদিম্মা আবেলফ (২৬) ঢাকার রূপগঞ্জে বসবাস করতেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে তার হাজতি নম্বর ১৫৮/২২।
হালিমা খাতুন জানান, বুধবার এই নারী কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
“সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।”
হালিমা খাতুন আরও জানান, নাইজেরিয়ান ওই নারীর বিরুদ্ধে দক্ষিণখান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধমে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
