২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতির অবমাননার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির অবমাননার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 01:30 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

তাড়াশ উপজেলা সদরের জি কে এস মোড়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের মুখে ওয়াজ মাহফিলের পোস্টার লাগানোয় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান।

গ্রেপ্তার রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন যুব আন্দোলনের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তাড়াশ কওমি মাদ্রাসার শিক্ষক। তিনি পৌর এলাকার আমির হোসেনের ছেলে।

ওসি ফজলে আশিক জানান, বুধবার রাতে বঙ্গবন্ধুর ম্যুরালের মুখে একটি ওয়াজ মাহফিলের পোস্টার লাগানো হয়। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে তাড়াশ ফাজিল মাদ্রাসা মাঠে যুব আন্দোলনের উদ্যোগে ওই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে পোস্টারে উল্লেখ রয়েছে।

“বৃহস্পতিবার সকালে বিষয়টি সকলের নজরে আসে। এরপর ওই পোস্টারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করতে থাকেন।

ওসি বলেন, এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ওয়াজ মাহফিলের আয়োজক হিসেবে রেজাউল করিমকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার সকালে তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আরশেদুল ইসলাম বাদী হয়ে রেজাউল করিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করেন।

“এরপর রেজাউল করিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে”, বলেন ওসি।

ওয়াজ মাহফিলের আয়োজকদের অন্যতম মাওলানা আবুল কাশেম বলেন, মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলের পোস্টার লাগিয়েছে। তবে তারাও এ ধরনের কাজ করবে না। অনেকে বাড়িতে লাগানোর জন্য পোস্টার চেয়ে নেয়। হতে পারে তাদের মধ্যেই কেউ ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখে ওই পোস্টার লাগিয়েছে।